পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২২ লাখ টাকা

Printed Edition

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে যানবাহনের চলাচল গতকাল শুক্রবার পর্যন্ত অনেকটা স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার (২১ মে) থেকে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে তিন কোটি ২২ লাখ টাকা। সেতু দিয়ে যানবাহনের চলাচল কিছুটা বাড়লেও তা স্বাভাবিক ছিলো বলে হাইওয়ে পুলিশ ও সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ২৪ হাজার ১৮৭টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ক্যাশ, ক্রেডিট ও ইটিসির মাধ্যমে মোট তিন কোটি ২২ লাখ ২১ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

এর আগের দিন বুধবার (২০ মে) ২৪ ঘণ্টায় দুই প্রান্ত দিয়ে ২১ হাজার ২৫০টি যানবাহন পারাপার করে। সেদিন টোল আদায় হয় দুই কোটি ৮৬ লাখ ৭২ হাজার ৯০০ টাকা। আর মঙ্গলবার (১৯ মে) ১৯ হাজার ৫৩৩টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছিল দুই কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৫০ টাকা।

গতকাল শুক্রবার সকালে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় বলেন, ঈদ উপলক্ষে এখন পর্যন্ত যানবাহনের চাপ অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ বাড়ছে।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সাত দিনের পরিসংখ্যানে ঈদুল ফিতরে প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার এবং ঈদুল আজহায় সাড়ে ৩৩ হাজার যানবাহন পদ্মা সেতু দিয়ে পারাপার হয়। সে সময় ঈদুল ফিতরে দৈনিক গড়ে টোল আদায় হয়েছিল প্রায় তিন কোটি তিন লাখ ৮০ হাজার টাকা। আর ঈদুল আজহায় দৈনিক গড়ে আদায় হয়েছিল প্রায় তিন কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।