খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

রাজনৈতিক দলগুলোর নীতিগত ঐক্য প্রয়োজন : ডা: তাহের

Printed Edition
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত নেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের  : নয়া দিগন্ত
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত নেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। গতকাল দুপুরে তিনি হাসপাতাল থেকে বের হন। এ সময় তিনি হাসপাতাল গেটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আল্লাহর মেহেরবানিতে অনেকটা সুস্থ অবস্থায় বাসায় যাওয়ার জন্য আজকে এখানে বেরিয়েছি। আপনাদের মাধ্যমে ইতোমধ্যেই দেশের মানুষ খবর পেয়েছে, আমার জন্য নানাভাবে দোয়া করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কাবা শরিফে দোয়া হয়েছে, আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, বিশ^বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান সাহেব তার টিমসহ আমাকে এক্সামিন করছিলেন। আমার ব্লকটা ছিল পাথরের মতো শক্ত। স্বাভাবিকভাবেই স্টেন্ট করা কঠিন ছিল। তাৎক্ষণিকভাবে একটা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল ডা: মনিরুজ্জামান ও ডা: জাহাঙ্গীর কবির এবং কিডনির একজন প্রফেসরের সমন্বয়ে। তারা ডিভাইডেড হয়ে গিয়েছিলেন- ওপেন-হার্ট সার্জারি করবেন নাকি আমাকে সিঙ্গাপুরে পাঠাবেন। কিন্তু আমরা বলেছি এখানেই স্টেন্ট করব। আলহামদুলিল্লাহ ব্লক ভালোভাবে স্টেন্টিং হয়েছে এবং আমি এখন সুস্থ আছি।

ডা: তাহের বলেন, আজকে আমি অত্যন্ত বেদনার সাথে, উৎকণ্ঠার সাথে ও আবেগের সাথে বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার এ অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে এ সাক্ষী দিতে পারি-বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক নেত্রী। বিগত ১৫ বছরে দেশ যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল এটা তার অনেক আগেই চলে যেতে পারত। কিন্তু তার দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, আজকে তিনি কোনো দলের নেত্রী নন, দেশের সমগ্র মানুষের নেত্রী। তার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও আরোগ্য কামনা করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যেই তার সুস্থতা কামনা করে আমরা অনেক প্রোগ্রাম করেছি। আমি আবারো জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি।

ডা: তাহের বলেন, বাংলাদেশের আজকের এ প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন। আমি দেশবাসী, রাজনৈতিক দল সবার প্রতি আহ্বান জানাব আমরা আগামীতে আরো অনেক ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।

ডা: তাহেরকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গতকাল সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বেশ কিছুক্ষণ সময় হাসপাতালে অবস্থান করেন। তিনি জামায়াতের নায়েবে আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে ডাক্তার ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে উপদেষ্টা জামায়াতের নায়েবে আমিরের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দেশবাসীকে দোয়া করার আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম গতকাল এক বিবৃতিতে বলেন, অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন। ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরো বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী রেখে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।

নায়েবে আমির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় আমি এবং দেশের সব মজলুম মানুষ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছি। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এ সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সঙ্কটময় মুহূর্তে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করি। আল্লাহ তাকে ও তার পরিবারকে হেফাজত করুন। বিবৃতিতে এ টি এম আজহারুল ইসলাম, বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সাথে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য মহান রবের দরবারে দোয়া করার অনুরোধ জানান।