সাবেক মন্ত্রী-এমপিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব পাস

Printed Edition

সংসদ প্রতিবেদক

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন বলে জানান তিনি।

গতকাল রোববার বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট) শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ অধিবেশনে স্পিকারের ঘোষিত এই সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক। এর পরবর্তী অবস্থানে অর্থাৎ তালিকায় তৃতীয় সদস্য হিসেবে নাম রয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে তালিকার চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মুনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়।

এছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জিএম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো: কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো: সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, প্রখ্যাত সংগীত শিল্পী মুস্তফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির, সাংবাদিকনেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশ-বিদেশী বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।