নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
বিএনপির সাবেক মহাসচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৪০ সালের ৫ মে ফরিদপুর জেলার নগরকান্দার লস্করদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কে এম ওবায়দুর রহমান ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬২-এর আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৬-এর ছয় দফা ও ’৬৯-এর গণ-অভ্যুত্থানেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ভারতের পুরুলিয়া মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের পলিটিক্যাল মোটিভেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সংসদীয় রাজনীতিতে তার বর্ণাঢ্য পদচারণা ছিল। ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ডাক ও তার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯, ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির মহাসচিব এবং আমৃত্যু দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তাকে ১০ বছরেরও বেশি সময় কারাবরণ করতে হয়েছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে কে এম ওবায়দুর রহমান স্মৃতি পরিষদ এবং নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির উদ্যোগে মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তার একমাত্র কন্যা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু (এমপি)। কে এম ওবায়দুর রহমান ২০০৭ সালের ২১ মার্চ ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেন।



