ঢাবি ভিসির সাথে সুইডেন দূতাবাসের প্রতিনিধির সাক্ষাৎ

পরিবেশ ও জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উদ্যোগ

Printed Edition
ঢাবি ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সুইডেন দূতাবাস কর্মকর্তা নায়োকা মারটিনেজ বেকস্ট্রম সাক্ষাৎ করেন  : নয়া দিগন্ত
ঢাবি ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সুইডেন দূতাবাস কর্মকর্তা নায়োকা মারটিনেজ বেকস্ট্রম সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

ঢাকার সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) নায়োকা মারটিনেজ বেকস্ট্রম গতকাল বুধবার ভিসির কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ এ বিষয়ে চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও জার্মানির সহায়তায় ইতোমধ্যে একাধিক পাবলিক কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

এ উপলক্ষে একটি কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও সিভিল সোসাইটি প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে আন্তর্জাতিক অংশীদারদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সম্পৃক্ততা থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।