ক্রীড়া ডেস্ক
গালের হাড়ে অস্ত্রোপচার ও ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট লুকা মডরিচ। পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রোয়েশিয়ার এই সেন্ট্রাল মিডফিল্ডার। আসছে বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচের ওপরও আস্থা রেখেছেন ক্রোয়েট কোচ জ¬াতকো দালিচ।
লুকা মডরিচ মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেললেও পজিশনের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার ও ডিপ-লায়িং প্লেমেকার হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে খেলতে পারেন।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ১৩ বছরের সফল অধ্যায় শেষে বর্তমানে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে খেলছেন মডরিচ। জুভেন্টাসের বিপক্ষে সিরি ‘আ’ ম্যাচে গত এপ্রিল মাসে তার গালের হাড় ভেঙে যায়। তবে দ্রুত সুস্থ হয়ে তিনি বিশেষ মাস্ক পরে অনুশীলনে ফিরেছেন। দেশের হয়ে সর্বোচ্চ ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আসন্ন বিশ্বকাপে ক্রোয়েশিয়া যদি গ্রুপ পর্ব পার হতে পারে, তবে নিজ দেশের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন এই মিডফিল্ড জাদুকর।
আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়া। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।



