হাকিমপুর ও বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে বিরামপুরে শিমুল, মসলিন ও ট্রি কটন জাতের তুলার চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে বিরামপুর উপজেলা হলরুমে তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, এই অঞ্চলে তুলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটি ধানের চেয়েও লাভজনক অর্থকরী ফসল। তুলা চাষে চাষিদের উৎসাহিত করতে সরকার বছরে ২৫ হাজার টাকা করে প্রণোদনা দেবে। বর্ষাকালকে বৃক্ষরোপণের উপযুক্ত সময় উল্লেখ করে তিনি সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান। মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সব শ্রেণীর মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান।
অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলা বীজ, সার, কীটনাশক ও পিজিআর বিতরণ করা হয়। এ ছাড়া ৩০০টি তুলার চারা দেয়া হয়। তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই-এর ডিডি আফজাল হোসেন, সিডিবি রংপুরের ডিডি জাফর আলী এবং বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।



