কূটনৈতিক প্রতিবেদক
ক্রমবর্ধমান সঙ্ঘাত ও পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে বেসামরিক জনগণের সুরক্ষা জোরদারে জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের জন্য শক্তিশালী রাজনৈতিক সমর্থন, পর্যাপ্ত সম্পদ ও আধুনিক সক্ষমতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিউ ইয়র্কে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ‘উত্তেজনা প্রশমনের জন্য সংলাপ : শান্তিরক্ষীরা কিভাবে সংলাপ ও সম্পৃক্ততার মাধ্যমে বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান করে’ বিষয়ক একটি সাইড ইভেন্টে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। তিনি বলেন, বেসামরিক জনগণকে সুরক্ষা দিতে শান্তিরক্ষীদের ভূমিকা অপরিহার্য। ভূরাজনৈতিক উত্তেজনা, দ্রুত প্রযুক্তিগত রূপান্তর এবং অর্থায়ন সঙ্কট জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের জন্য বেসামরিক সুরক্ষা ম্যান্ডেট বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবর্তনশীল যুদ্ধ প্রযুক্তির মতো উদীয়মান হুমকি মোকাবেলায় শান্তিরক্ষীদের প্রয়োজনীয় সক্ষমতায় সজ্জিত করা প্রয়োজন।
গাজা ও রোহিঙ্গা সঙ্কটের প্রসঙ্গ তুলে বেসামরিক হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি মানবিক সহায়তার পথ উন্মুক্ত রাখা, শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সঙ্ঘাত প্রশমনে সংলাপভিত্তিক সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন।
প্যানেল আলোচনায় অংশ নেন জাতিসঙ্ঘ শান্তি কার্যক্রম বিভাগের লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্স, মিনুস্কার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রি নিওনে এবং ইন্দোনেশিয়ার লেফটেন্যান্ট কর্নেল হার্লি সিনাগা। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, উরুগুয়ে, জাম্বিয়া ও স্টিমসন সেন্টার অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে। এতে জাতিসঙ্ঘের জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক ও শান্তিরক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।



