চলতে হবে বর্তমানে : ফিল সিমন্স

Printed Edition
সংবাদ সম্মেলনে মিডিয়ার সাথে কথা বলছেন কোচ ফিল সিমন্স	: নয়া দিগন্ত
সংবাদ সম্মেলনে মিডিয়ার সাথে কথা বলছেন কোচ ফিল সিমন্স : নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে গত দুই বছরে টেস্ট, ওয়ানডে, টি-২০ তিন সংস্করণেই সিরিজ জিতেছে বাংলাদেশ। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে ও টি-২০তে হারায় বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে জিতে আসে ঐতিহাসিক সিরিজ। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও মুখোমুখি দুই দল। তবে বাংলাদেশ প্রধান কোচ ফিল সিমন্স তাকাতে চান শুধুই বর্তমানে। যা হয়ে গেছে, সেটা তার কাছে শুধুই ইতিহাস।

চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ২০২৪ সালে সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করেছিলেন হাথুরুকে। তখনই প্রধান কোচের আসনে বসেন সিমন্স। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে দুই বছর আগের সেই সিরিজের কথা উল্লেখ করা হলে সিমন্স বলেন, ওটা এখন ইতিহাস। আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। তাই আমরা শুক্রবারের (টেস্ট শুরুর দিন) দিকে তাকিয়ে আছি এবং সেদিন কী হয় তা দেখার অপেক্ষায় আছি। অতীতে কী হয়েছে তা এখন আর গুরুত্বপূর্ণ নয়। বরং বর্তমান নিয়ে পথ চলতে হবে।

দিতে হবে পূর্ণ মনোযোগ

পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে, টি-২০ দু’টি সিরিজ বাংলাদেশ জিতেছে ঘরের মাঠে। গত বছরের টি-২০ সিরিজ আর এ বছরের ওয়ানডে সিরিজ দু’টিই ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। দুই সিরিজের ছয়টি ম্যাচই হয়েছে মিরপুরে। এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট মিরপুরে শুরু হবে আগামীকাল। গতকাল বাংলাদেশের প্রতিনিধি হয়ে যখন সংবাদ সম্মেলনে সিমন্স এসেছেন, তখন তার কাছে পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের প্রসঙ্গে সিমন্সের উক্তি, ‘অতীত থেকে শুধু অনুপ্রেরণাই নেয়া সম্ভব। বিষয়টি মাথায় রাখা যেতে পারে কারণ শেষ ম্যাচে জয় পাওয়াটা আত্মবিশ্বাস জোগায়। কিন্তু এটি একটি নতুন ম্যাচ এবং নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে খেলছি। পাকিস্তানে নয়। পূর্ণ মনোযোগ দিতে হবে বর্তমানকে ঘিরেই।’

শান্ত মানিয়ে নিতে সমস্যা হবে না

সবশেষ গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ৬ মাস পর ফের লম্বা দৈর্ঘ্যরে ক্রিকেট খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। এরপরও মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করেন সিমন্স, ‘মানসিকভাবে মানিয়ে নেয়াটাই বেশি জরুরি। এর পাশাপাশি বলতে চাই, অনেক ছেলে মাঝের সময়ে সাদা বলে খেলেনি। তারা লাল বলেই খেলে গেছে। তাদের জন্য মানিয়ে নেয়াটা সহজতর হবে অবশ্যই।’

১০১তম টেস্টের প্রস্তুতি মুশফিকুরের

আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্টই খেলেন মুশফিকুর রহীম। সবশেষ গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে প্রথম বাংলাদেশী হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন মুশফিক। পরশু মিরপুর টেস্ট দিয়ে ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ২০ বছর ধরে খেলা বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে সিমন্স বলেন, ‘মুশিকে যতটুকু সময় ধরে চিনি, তাতে বলতে পারি প্রথম টেস্ট বা ৫০তম কিংবা শততম টেস্টের মতো করেই ১০১তম টেস্টের প্রস্তুতি নেবে। যেভাবে টেস্ট ম্যাচের প্রস্তুতি নেয় এবং বিষয়গুলোকে যেভাবে দেখে, এবারও তার ব্যতিক্রম হবে না।’

পাকিস্তানকে হেলা ফেলা নয়

৮৯ ও ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ টেস্ট রথ্যাংকিংয়ে ৬ ও ৮ নম্বরে অবস্থান করছে। এবার বাংলাদেশ সফরে তারা চার নতুন ক্রিকেটার নিয়ে আসছে। তবে দলটা একেবারে হেলাফেলা করার মতো নয়। সাজিদ খান ও নোমান আলীর মতো দুই তারকা স্পিনার আছেন। ঘরের মাঠে গত এক বছরে পাকিস্তানি এই দুই স্পিনার প্রতিপক্ষকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছেন। এমনকি সাজিদ-নোমানের বাংলাদেশের মাঠেও খেলার অভিজ্ঞতা রয়েছে।

ঘরের মাঠের সুবিধা কি নেবে বাংলাদেশ

এই প্রশ্নের উত্তর সিমন্স দিয়েছেন একটু কৌশলে। ‘ঘরের মাঠের সুবিধা বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন, তা আমি ঠিক জানি না। এটি একটা ভালো ক্রিকেট পিচ হতে যাচ্ছে। আমাদের পরিকল্পনা করতে হবে তাদের বিপক্ষে কীভাবে ব্যাটিং করব। রথ্যাংকিংয়ের ওপরে উঠতে হলে এ ধরনের বিশ্বমানের বোলারদের বিপক্ষেই খেলতে হবে। একটি দল হিসেবে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করতে হবে এবং বড় স্কোর গড়তে হবে। প্রত্যেকেরই বড় রানের মানসিকতা ধরে রাখতে হবে। এটা একটি ইতিবাচক দিক।’

প্রত্যাশা

পাকিস্তান সিরিজে নিজের প্রত্যাশা নিয়ে সিমন্স বলেন, ‘৯৫% এর বেশি প্রত্যাশা থাকবে ড্রেসিংরুমের বাইরে। ড্রেসিংরুমে কেবল প্রস্তুতি নেই এবং মাঠে গিয়ে খেলি। আগের সিরিজ থেকে কী প্রত্যাশা আসছে এগুলো আসলে আমাদের জন্য কাজে দেবে না। প্রত্যাশা থাকবে তারা যেন নিজে হাসে এবং হাসি ফুটাতে পারে।’

বাংলাদেশ সবশেষ গত বছরের নভেম্বরে টেস্ট খেললেও আয়ারল্যান্ড সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত ছিল না। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ সবশেষ খেলেছে গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কায় অনুষ্ঠিত সেই সিরিজটি শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে জিতেছিল।