ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আগে জার্মানির শেষ প্রস্তুতি ম্যাচের ঠিক আগের অনুশীলনে এ চোটে পড়েন লেনার্ট কার্ল। আর এই চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন জার্মানির ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। অনুশীলনের সময় মাংসপেশি ছিঁড়ে গেছে তার। গত পরশু এই খবর নিশ্চিত করে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আরবি লিপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রেওগো।
ইনস্টাগ্রাম পোস্টে ডিএফবির পক্ষ থেকে বলা হয়, ‘শেষ মুহূর্তের অনুশীলনে লেনির মাংসপেশি মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। এই চোটের কারণে ও (বিশ্বকাপ থেকে) ছিটকে গেছে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সাথেই আছি।’
বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন জার্মান ফুটবলে ‘রতœ’ হিসেবে বিবেচিত হওয়া তরুণ ফুটবলার কার্ল। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও তার। বায়ার্নের হয়ে এবার বুন্দেসলিগা জয়ে ২৬ ম্যাচে করেছেন পাঁচ গোল। সব প্রতিযোগিতা মিলে সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৯ ম্যাচে তার গোল ৯টি। বায়ার্নের হয়ে আলো ছড়ানোর পর এবার বিশ্বকাপে অন্যতম সেরা তরুণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল কার্লকে। কিন্তু চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন তিনি।
জার্মানির জার্সিতে গত মার্চে কার্লের অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে জার্মানির শুরুর একাদশের হয়ে মাঠে নেমে খুব ভালো খেলেন কার্ল।
বিশ্বকাপে ‘ই’ গ্রুপে ১৪ জুন জার্মানির প্রথম ম্যাচের প্রতিপক্ষ নবাগত কুরাসাও। চারবারের চ্যাম্পিয়নদের পরের ম্যাচের প্রতিপক্ষ ২০ জুন আইভোরি কোস্ট। গ্রুপের শেষ ম্যাচে ২৫ জুন ইকুয়েডরকে মোকাবেলা করবে জার্মানি।
শঙ্কায় আর্জেন্টিনার বালের্দি
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। অনুশীলনের সময় পায়ের পেশি ছিঁড়ে গেছে দলটির ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। এতে আসন্ন টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ার ঝুঁকিতে পড়েছেন অলিম্পিক মার্সেইয়ের এই ডিফেন্ডার।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, হন্ডুরাসের বিপক্ষে প্রীতিম্যাচের আগে আর্জেন্টিনার শেষ অনুশীলন সেশনে গত পরশু চোট পান বালের্দি। ফলে এই সেন্টার-ব্যাক অনুশীলন শেষ করতে পারেননি। পরীক্ষায় তার চোটের মাত্রা নিশ্চিত হয়েছে, অন্তত ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।



