বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো: ওবায়েদ উল্যা চৌধুরী ও মো: আবুল বসার। উভয় কর্মকর্তাই ১৯৯৯ সালের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।
ওবায়েদ উল্যা পদোন্নতি পাওয়ার আগে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৭ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসসহ প্রধান কার্যালয়ের আওতাধীন ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিট এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে তিনি কৃতিত্বের সাথে ব্যাংক ম্যানেজমেন্টের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
আবুল বসার পদোন্নতির আগে বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসে কর্মরত ছিলেন। বসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট। কর্মজীবনে ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন এবং দেশে বিদেশে অনেক প্রায়োগিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১-এর পরিচালক মো: শহীদ রেজা সই করা অভ্যন্তরীণ আদেশে পদোন্নতির তথ্যটি জানানো হয়। শিগগিরই তাদের দফতর বণ্টন করা হবে। বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা-২০২২ অনুযায়ী শূন্য পদে এ পদোন্নতি দেয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদোন্নতিযোগ্য পদ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর পদে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।



