নয়া দিগন্ত ডেস্ক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক নবদম্পতি নিজেদের বিয়ের আসরকেই বানিয়ে ফেললেন পেশাদার কুস্তির ময়দান। আর শর্ত ছিল- এই কুস্তিতে যে হারবে, তাকে সারা জীবন ঘরের সব কাজ করতে হবে।
বর হি ইনশেং গুইঝোউ প্রদেশের জুনি শহরের একজন পেশাদার কুস্তিগির। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে স্ত্রীর সাথে মিলে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। বিয়ের মঞ্চের বদলে তারা সেখানে একটি কুস্তির রিং বসান। আর পেছনের বিশাল পর্দায় ভেসে উঠছিল নাটকীয় এক পোস্টার ‘বর বনাম কনে’। এরপর নবদম্পতি নিজেদের দল নিয়ে ‘বেস্ট-অব-থ্রি’ (তিনবারের মধ্যে যে দুবার জিতবে) প্রতিযোগিতায় নামেন। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, প্রথমে অন্য পারফরমাররা রিংয়ে প্রবেশ করেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশলে কুস্তি লড়েন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর-কনে নিজেরাই রিংয়ে নামেন। দর্শকদের চিৎকারের মধ্যে কনে খুব দ্রুতই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বরের আক্রমণগুলো খুব চতুরতার সাথে এড়িয়ে গিয়ে, একটি ‘শোল্ডার থ্রো’ দিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলেন কনে। এরপর রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন এবং জানান যে তিনি ‘সারা জীবনের জন্য ঘরের কাজ থেকে অব্যাহতি পেয়েছেন’।
পুরো লড়াইটি আগে থেকে সাজানো হলেও, এই আয়োজন অতিথিদের দারুণভাবে মুগ্ধ করেছিল। অনুষ্ঠান শেষে বর বলেন, ‘অবশ্যই আমাকে শেষ পর্যন্ত হারতেই হতো। আমি তো আর তাকে দিয়ে ঘরের কাজ করাতে পারি না!’
বর হি জানান, বিয়ের পরিকল্পনার সময় যখন দেখলেন যে খরচ বাজেট ছাড়িয়ে যাচ্ছে, তখনই তার মাথায় এই অভিনব বুদ্ধি আসে। গায়ক ও অন্যান্য পারফর্মার ভাড়া করার বদলে তিনি একটি কুস্তি ম্যাচের আয়োজন করার সিদ্ধান্ত নেন। তার স্ত্রীও এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন।



