শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভায় যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ মে বেলা ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা। ৩০ মে ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ ও জিয়ারত করবেন।