নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে এক শিশু এবং চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মো: সামির (১৩) নামে এক শিক্ষার্থীর মারা গেছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শায়েস্তা খাঁপাড়ার বাসিন্দা প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বোনের বিয়েতে অংশ নিতে সে সেখানে এসেছিল।
প্রত্যদর্শীদের মতে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। মো: সামির হাটহাজারী পর্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের আলী আকবারের ছেলে হাবিবুর রহমান (৪০)।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, হাবিবুর রহমান মোটরসাইকেল চালিয়ে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন। এ সময় ধানবোঝাই ট্রাকটি কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। এ দিন রাত সাড়ে ৯টার দিকে কালীদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।



