মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্বা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো: তবিবুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। শুক্রবার উপজেলার যশলং ইউনিয়ন পুড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার প্রতিবেশী স্কুল শিক্ষক মো: রুহুল আমিনের বাড়িতে গৃহস্থালি কাজ করত। অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর সকালের দিকে রুহুল আমিন ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকার সুযোগে রুহুল আমিনের বোন জামাই মো: তবিবুর রহমান ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় একইভাবে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে বিগত ৩ জুন মুন্সীগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়। রিপোর্টে কিশোরী ২৩ সপ্তাহ এক দিনের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর পরিবারের পক্ষ থেকে বিবাদির সাথে আলাপ করা হলেও বিষয়টির সমাধান না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়।



