রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল শনিবার দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং চার শিশুসহ আরো ২৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমণ চলাকালে পুরো নগরীর বিভিন্ন স্থানে ডজনেরও বেশি বিকট বিস্ফোরণের শব্দ অনুভূত হয়। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভকে লক্ষ করে রাশিয়ার এ ধরনের হামলা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এমন এক পরিস্থিতিতে এই আগ্রাসন ঘটল, যখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম ঘাটতিতে ভুগছে ইউক্রেন। চলতি সপ্তাহেই কিয়েভে এটি দ্বিতীয় বৃহৎ সামরিক আঘাত। এর আগে বৃহস্পতিবার চালানো অন্য এক রুশ হামলায় ৯ জন প্রাণ হারিয়েছিলেন, যাদের মধ্যে ক্রিভি রিহ শহরের কাছের একটি গ্রাম থেকে একই পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার করা হয়। শনিবারের ক্ষেপণাস্ত্র আঘাতের পর কিয়েভের বিস্তীর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু এলাকা সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে যায়।
মেয়র ক্লিচকো জানিয়েছেন, শেভচেনকিভস্কি ডিস্ট্রিক্টের একটি আবাসিক স্থাপনা আংশিক ধসে পড়েছে। বহুতল ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকজন বাসিন্দা ভেতরে আটকা পড়েন। এর পাশাপাশি শহরের একাধিক পণ্য গুদামেও আগুন লাগার ঘটনা ঘটেছে।



