আদালত প্রতিবেদক
দুর্নীতির মামলার তদন্তের স্বার্থে মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আদালতে আবেদন করে জানান, আসামি একজন নিয়মিত আয়করদাতা এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার প্রাথমিক আয়কর নথি থেকে শুরু করে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সকল প্রাসঙ্গিক মূল রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।
এর আগে, ২০২৫ সালের ২৫ মার্চ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ ছাড়া, আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার সন্দেহজনক লেনদেনের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।



