রোবট ‘গ্রেফতার’!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ফুটপাথ দিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছিলেন এক বৃদ্ধা। হঠাৎ তার পেছনে একটি হিউম্যানয়েড রোবট এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। তা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলেন বৃদ্ধা। রোবটকে বকাবকি করতেই হাত তুলে অদ্ভুত ভঙ্গি করতে শুরু করল রোবটটি। রোবটটির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন বৃদ্ধা। সেই অভিযোগের ভিত্তিতে রোবটটিকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে রোবটটিকে নিয়ে গিয়ে তার মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।

সাইবাররোবো নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে যে, ফুটপাথে দাঁড়িয়ে একটি হিউম্যানয়েড রোবটকে দেখে চিৎকার-চেঁচামেচি করছেন এক বৃদ্ধা। ৭০ বছর বয়সী বৃদ্ধা চেঁচিয়ে বললেন, তুমি কি পাগল! আমার তো হৃদ্কম্পন বেড়ে গেল। আর কোনো কাজ নেই তোমার? এ ভাবে জ্বালাতন করছ কেন? বৃদ্ধার বকা শুনে দুই হাত তুলে নাচতে শুরু করে রোবটটি। এই দৃশ্য দেখতে চার পাশে ভিড় জমান পথচারীরা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি চিনের ম্যাকাউয়ের পাটানে এলাকায় লক ইয়াং ফা ইয়েন আবাসনের সামনে ঘটেছে। জানা গিয়েছে, চার ফুট লম্বা রোবটটি ইউনিট্রি জি১ মডেলের। ৫০ বছর বয়সী এক ব্যক্তি শিক্ষামূলক উদ্দেশ্যে এই রোবটটি তৈরি করেছেন। স্থানীয় শিক্ষাকেন্দ্রের তরফে রোবটটিকে পরীক্ষা করা হচ্ছিল।

ফুটপাথ ধরে রোবটটি যখন হাঁটছিল, তখন সামনে বৃদ্ধাকে হেঁটে যেতে দেখে সে দাঁড়িয়ে পড়ে। বৃদ্ধা হঠাৎ রোবটটিকে দেখে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন। বৃদ্ধা কোনো চোট না পেলেও তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষা করার পর তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশকর্মী ঘটনাস্থল থেকে রোবটটিকে সরিয়ে তার মালিকের কাছে নিয়ে যায়। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটপাড়া। কয়েকজন নেটাগরিক লিখেছেন, রোবটও গ্রেফতার! তা-ও হেনস্থার অভিযোগে! কালে কালে কত কী যে দেখতে হবে!