লালমোহনে রাতের আঁধারে ফুটপাথ দখল

Printed Edition

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার লালমোহন পৌরশহরের উত্তর বাজার এলাকায় রাতের আঁধারে ফুটপাথ জবর দখলের অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকারি জায়গা দখল করে একের পর এক অস্থায়ী দোকান বসানোর ঘটনায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

সম্প্রতি উত্তর বাজার মসজিদ সংলগ্ন সড়কের পানের আড়ত এলাকায় গিয়ে দেখা যায়, পৌরসভার উদ্যোগে লাগানো ফুটপাথের গাছ উপড়ে ফেলে কাঠ, তক্তা ও ত্রিফল দিয়ে ঘর নির্মাণ চলছে। কোথাও দোকান সাজিয়ে বেচাকেনাও শুরু হয়ে গেছে। আবার কোথাও চলছে দখল নেয়ার প্রস্তুতি। সরেজমিন দেখা যায়, ফুটপাথের একপাশে কয়েকজন ব্যবসায়ী অস্থায়ী কাঠামো দাঁড় করিয়ে পণ্য বিক্রি করছেন। অপর পাশে খালেক নামে এক ব্যক্তি কাঠ ও তক্তা দিয়ে দোকানঘর তুলছেন। তিনি বলেন, এখানে রুটির দোকান দেবো। সবাই করছে, তাই আমিও করছি।