গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেন্ডার সমতা ও আইনি সহায়তা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্সের উইমেন রাইটস ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সিএমইএসের নয়াদিয়াড়ী ইউনিটের ইনচার্জ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আল-মামুন বিশ্বাস, সংস্থার ফ্যাসিলিটেটর বিলকিস পারভিন এবং সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ আলী ও আলম হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় জেন্ডার সমতা, বাল্যবিয়ে রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয় দূরীকরণে বিভিন্ন আইনি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা অবহেলিত ও অসহায় মানুষের অধিকার রক্ষায় আইনি সহায়তা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসাথে পারিবারিক ও দাম্পত্য বিরোধ নিরসনে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে নিষ্পত্তির কার্যকারিতা তুলে ধরা হয়। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।



