জামিনে বেরিয়ে সাক্ষীদের ওপর হামলা আতঙ্কে নিহতের পরিবার

Printed Edition

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচিত এ কে বাশার রতন হত্যা মামলার কয়েকজন আসামির বিরুদ্ধে জামিনে মুক্ত হয়ে নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

গত বুধবার কটিয়াদী মডেল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্বজনেরা এ অভিযোগ করেন। লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ভাই মাহফুজুর রহমান।

এতে বলা হয়, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর এ কে বাশার রতনকে হত্যা করা হয়। এ ঘটনায় কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সম্প্রতি মামলার কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর আরো বেপরোয়া হয়ে ওঠে। এ মামলার আসামিরা হলেন- সবুজ মিয়া, বাইজিদ মিয়া, ফয়সাল মিয়া, দূর্জয়, বাবু, উজ্জ্বল, এলাছ, রমিজ, সুজন, বকুল ও রাকিবসহ অজ্ঞাত ১৫-২০জন।

পরিবারের দাবি, গত ২ জুন বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি মামলার বাদিপক্ষ ও সাক্ষীদের ওপর হামলা চালায়। এতে নিহতের বড় ভাই ছিদ্দিকুর রহমান বাচ্চু, মা সুফিয়া খাতুন এবং ভাগনী শ্রাবন্তী আক্তার গুরুতর আহত হন। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্বজনেরা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে না নিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। এ কারণে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আসামিদের জামিন বাতিল, দ্রুত গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জের পুলিশ সুপার ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।