ক্রীড়া প্রতিবেদক
বেলা ৩টার প্রচণ্ড গরম। ট্র্যাকের পূর্ব পাশে বেশিক্ষণ অনুশীলন করতে পারলেন না অ্যাথলেটরা। গরম থেকে বাঁচতে স্প্রিন্টারদের অল্প পরেই চলে যেতে হলো ছায়ায়। তার ওপর উদ্বোধন অনুষ্ঠানের পর্ব শেষ হতে সময় লাগায় ১০০ মিটারের জন্য প্রস্তুতিরত স্প্রিন্টাররাও বিরক্ত হচ্ছিলেন। শেষ পর্যন্ত শুরু হলো ১০০ মিটার স্প্রিন্ট। প্রথমে পুরুষ ও পরে নারীদের ১০০ মিটার দৌড়। এতে পুরুষদের ১০০ মিটারে প্রথম হয়েছেন ইমরানুর রহমান। আর নারী বিভাগে শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান ১০.৫৮ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে দেশের দ্রুততম মানব হওয়ার গৌরব ধরে রেখেছেন। অন্য দিকে একই বাহিনীর শিরিন আক্তার ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে টানা ১৭ বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জয়ের অনন্য কীর্তি গড়েন। গত সামার মিটে সুমাইয়া দেওয়ানের কাছে ১০০ মিটারের খেতাব হারান শিরিন। কাল সুমাইয়াকে পেছনে ফেলে প্রথম হন শিরিন। ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন সাবেক দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল।
৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। নারীদের শটপুটে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ১৪.২৪ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এর আগে ২০২৫ সালে তার নিজের করা রেকর্ডটি ছিল ১৩.৯১ মিটার। পুরুষদের শটপুটে বাংলাদেশ নৌবাহিনীর গোলাম সারোয়ার ১৫.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়ে নিজের রেকর্ডই ভাঙেন। ২০২৫ সালে করা তার আগের রেকর্ডটি ছিল ১৫.৫০ মিটার।
গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত সাতটি স্বর্ণ, চারটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ- মোট ১৫টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। চারটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জসহ মোট ১৫ টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী এবং দু’টি রৌপ্যপদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে বিকেএসপি।
এই অ্যাথলেটিক্স উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে ভিআইপি মঞ্চে রেখে অ্যাথলেটদের মার্চপাস্ট দেখার ব্যবস্থা করে অ্যাথলেটিক্স ফেডারেশন। তবে মাঠের মানুষ আমিনুল। তাই সেখানে থেকে নেমে নিচে ট্যাকের উপর এসে গরমের মধ্যেই মার্চপাস্ট দেখেন। এরপর মশাল দৌড়ে অংশ নেয়াদের ঠিক মতো দৌড়াতে ট্র্যাক পরিষ্কারের কাজও করেন। এরপর তিনি হতাশা ব্যক্ত করেন এই মিটে এত কম দলের অংশগ্রহণে। তার মতে ৬৪টি জেলারইতো অংশ নেয়া উচিত ছিল। তিনি আশ্বাস দেন ফেডারেশনের সব চাহিদা পূরণের। তবে চান রেজাল্ট। উল্লেখ্য, কোনো কোনো দল মাত্র একজন অ্যাথলেট পাঠিয়েছে।



