জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে ডা: শফিক

জামায়াত জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ

Printed Edition
সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ   : নয়া দিগন্ত
সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা হয়। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দেখতে চায়। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। জামায়াত গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে।

এ ছাড়াও বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। অন্য দিকে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি; ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম, এমপি; এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।