হাম ও উপসর্গে মৃত্যু ৬৭০ জনে পৌঁছেছে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা) আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭৪ জন।

সর্বশেষ চারজনসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে হাম ও উপসর্গ মৃতের সংখ্যা ৬৭০ জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৭ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদন অনুয়ায়ী সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যে দুই শিশু মারা গেছে সিলেট বিভাগে। বাকি দুইজন মারা গেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এ সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৮৯৩ জন।

সিলেটে আরো ২ শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো : সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাত মাসের শিশু সায়হান মৌলভীবাজারের সদর উপজেলার বাসিন্দা। অপর দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া পাঁচ মাসের আহিয়ান সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় দুইজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৯ জন।

শুক্রবার (১৯ জুন) এর তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৬১ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৭৫ জন শিশু। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিরা উপসর্গে মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৯ জন সিলেটের, মৌলভীবাজারের ১০ ও হবিগঞ্জের ছয়জন রয়েছেন।

চট্টগ্রামে আরো ১৭ শিশুর হাম শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আরো ১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১ শিশু এবং হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু। এ নিয়ে চট্টগ্রামে মোট হাম শনাক্ত হয়েছে ২৮৪ জন শিশুর।

বৃহস্পতিবার আরও ৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৪ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ১৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৮৫৭ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮৬ জন।

অন্যদিকে এখন পর্যন্ত ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৬১৩ শিশুর। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে। তারপরও হাসপাতালে যেসব শিশু হামের উপসর্গ নিয়ে আসছে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।