ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই জ্বলে উঠছেন লিওনেল মেসি। দুর্দান্ত ফর্মে থাকা তারকা আবার গোল করলেন, গোল করালেন ও ম্যাচজুড়েই আতঙ্ক ছড়ালেন প্রতিপক্ষের রক্ষণভাগে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে গতকাল পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারাল ইন্টার মিয়ামি। ম্যাচে গোল করে প্রথম দলকে এগিয়ে নেন মেসি। এরপর দ্বিতীয় গোল করা জার্মান বেরতেরামের গোলে সহায়তা করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
নতুন মাঠ নু স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মিয়ামি। আগের চার ম্যাচের তিনটি ছিল ড্র, একটিতে ছিল হার। এই ম্যাচে জয়ের ব্যবধান বড় হতে পারত আরো, যদি না অতিমানবীয় পারফরম্যান্স মেলে ধরতেন পোর্টল্যান্ডের গোলরক্ষক জেমস প্যান্টেমিস। এই জয়ের পর ১৪ ম্যাচ ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থান ধরে রাখল মিয়ামি। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ন্যাশভিল।



