গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে নিজেদের অবস্থানের জানান দিয়েছে প্যানেলটি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার, পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো: জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো: কামাল হাসান শাকিল পরিষদের নেতৃত্বে নীল প্যানেল ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। এ ছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিজয়ী অন্য প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো: মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো: আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: শাহ আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। সদস্য পদে অলিউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মো: আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, রোজিনা আক্তার।
অপর দিকে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন আলহাজ শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো: শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে একটি সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন। বাকি সবগুলো পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল।
ফলাফল ঘোষণার পর আদালত পাড়াজুড়ে বিজয়ী দলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকরা তাদের বিজয় উদযাপন করেন। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনজীবীদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।



