দোয়া মাহফিলে ডা: শফিক

অধ্যক্ষ ফরিদ চৌধুরী ছিলেন একজন নিবেদিত প্রাণ ব্যক্তি

Printed Edition
কানাইঘাটে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ডা: শফিকুর রহমান এমপি  : নয়া দিগন্ত
কানাইঘাটে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ডা: শফিকুর রহমান এমপি : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, মরহুম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও মুখলেস ব্যক্তি। সিলেট অঞ্চলে ইসলামী আন্দোলনের প্রচার, প্রসার ও সংগঠনকে মজবুত ও গতিশীল করার পেছনে তার অবদান অবিস্মরণীয়। কুরআন ও দ্বীনের সুমহান খেদমতে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ দাঈ ইলাল্লাহ। তিনি বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী একজন জনপ্রিয় ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক সমাদৃত ছিলেন। তিনি গতকাল রোববার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে তিনি মরহুম ফরিদ উদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন এবং মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করেন।

ডা: শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য থাকাকালীন ফরিদ উদ্দিন কানাইঘাট ও জকিগঞ্জের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, ক্লাব ও পাঠাগারসহ অবহেলিত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তার নেক আমল ও ভালো কাজ তাকে আজীবন জনতার মধ্যে বাঁচিয়ে রাখবে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাফিজ আনওয়ার হোসাইন খান ও অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন, ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও পশ্চিম জেলা সভাপতি আবু যোবায়ের প্রমুখ।