ডন
আরব সাগরে যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজের বিপদ সঙ্কেতে সাড়া দিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয় ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে অচল হয়ে পড়ে। পরে জাহাজটি থেকে বিপদ সঙ্কেত পাঠানো হলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। এ ঘটনায় মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) ইসলামাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সহায়তা চায়। এরপর পাকিস্তান নৌবাহিনী ‘পিএমএসএস কাশ্মির’ নামের একটি জাহাজ মোতায়েন করে উদ্ধার অভিযানে অংশ নেয়।
উদ্ধার অভিযানে জাহাজটির ক্রুদের খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেয়া হয়। জাহাজটিতে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন বলে জানা গেছে। বর্তমানে জাহাজটির অবস্থা স্থিতিশীল এবং ক্রুরা নিরাপদে রয়েছেন। এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে উদ্ধার অভিযানের দৃশ্য দেখা গেছে, যেখানে পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সহায়তা কার্যক্রম চালাতে দেখা যায়।



