শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত ‘সঙ্ঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমেদের সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে পিএফজি সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির বিকল্প নেই। তাই সবাইকে ধর্মীয় সম্প্রীতির পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতিও বজায় রাখতে হবে। সাম্প্রতিক সময়ে সংঘটিত অনেক ঘটনা গুজব ও মাদকের প্রভাবে ঘটেছে। তাই সমাজে শান্তি বজায় রাখতে গুজব ও মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়া অতীতে সংঘটিত কিছু ঘটনা ব্যক্তিগত, সম্পত্তিগত ও রাজনৈতিক বিরোধ থেকে সৃষ্টি হলেও সেগুলোকে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে উপস্থাপন করেছে, যা উদ্বেগজনক।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি যেকোনো ঘটনার ক্ষেত্রে যাচাই-বাছাই করে সঠিক ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমেদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো: রেজাউল করিম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, পৌর বিএনপি আহবায়ক মো: শামিম আহমেদ, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, সচেতন নাগরিক কমিটি সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, পিএফজির অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানী, শ্রী জগবন্ধু আশ্রম ও মিশনের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রম্মচারী, আন্তঃধর্মীয় উপকমিটির আহ্বায়ক মাওলানা মো: আশরাফ হোসেন, ইসলামী ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সমন্বয়কারী মো: আব্দুল বারী, সাবেক শিক্ষক ও হিন্দু পণ্ডিত বেনু ভট্টাচার্য্য, কাকিয়ার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো: শরিফ উদ্দিন, মিজাপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক প্রমুখ।



