সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শকে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে। দুই কৃষক হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে সুমন কুমার (৩৫) ও চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে সজল মোল্লা (২৪)। নিজ জমিতে বিদ্যুৎচালিত সেচমোটরে সংযোগ দিতে গিয়ে তাদের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক সজল মোল্লা সোমবার সকাল ৮টায় তার নিজ বসতবাড়ির পাশে ফসলি জমির মোটরে সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিংড়া (নাটোর) সংবাদদাতা।
ভালুকায় বর্জ্য নিষ্কাশনের ড্রেন সিলগালা
ময়মনসিংহের ভালুকায় এক্সপেরিয়েন্স টেক্সটাইল নামে একটি কারখানার বর্জ্য ফেলা বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে ব্যক্তিমালিকানাধীন জমিতে দূষিত বর্জ্য পানি ফেলার অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে কারখানাটির ড্রেনেজ লাইন সিলগালা করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে আশপাশের ব্যক্তি মালিকানাধীন কৃষিজমিতে দূষিত বর্জ্যপানি ফেলছিল। কারখানা কর্তৃপক্ষ দূষিত শিল্প বর্জ্য নিষ্কাশনের জন্য একটি ড্রেন ব্যবস্থা ব্যবহার করে আসছিল, যা সরাসরি কৃষিজমিতে প্রবাহিত হয়ে পরিবেশ ও কৃষির মারাত্মক ক্ষতি হচ্ছিল। এরই অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদফতরের একটি পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কারখানার বর্জ্য পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ (সিলগালা) করে দিয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। স্থানীয় কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ওই কারখানাটি ও হ্যারি ফ্যাশন লিমিটেডের অবৈধ বর্জ্যে ভরাডোবা এলাকায় ৩৩৫.৭৪ একর ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় কৃষকদের প্রায় ৩৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।
বিএনপি নেতার ওপর হামলা
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় মাদক, চাঁদাবাজিও সমাজবিরোধী কার্যক্রলাপে বাধা দেয়ায় কিছু যুবদল ছাত্রদল নেতাকর্মীরা গত মঙ্গলবার দুই দফা হামলা চালিয়ে বিএনপি নেতা ও তার তিন সহযোগীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বিএনপির একটি কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করেছে। আহত বিএনপি নেতা তার এক সমর্থককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা গত সোমবার রাতেই মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, গত জুলাই বিপ্লবের পরে বার্থী ইউনিয়নে মাদক, চাঁদাবাজিসহ সমাজবিরোধী কার্যক্রম বৃদ্ধি পায়। এ নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: মিজানুর রহমান মিন্টু (৪৫) ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সহিদুল ইসলাম জুয়েলের (৩০) মধ্যে বিরোধ চলে আসছিল। বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের পরে বার্থী ইউনিয়ন যুবদল নেতা সহিদুল ইসলাম জুয়েল নিজেই যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী নিয়ে মাদক সিন্ডিকেট তৈরি করে চাঁদাবাজি ও সমাজবিরোধী কার্যকলাপ করে আসছে। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা।
কালীগঞ্জে ৪ বিঘা জমির আখক্ষেত নষ্ট
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সাড়ে চার বিঘা জমির আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নান্নু বাদি হয়ে কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, তিনি ২০২৩ সাল থেকে বৈধভাবে রেলওয়ের কাছ থেকে প্রায় দুই একর জমি লিজ নিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছেন। প্রতি বছর তিনি নির্ধারিত লিজের অর্থ পরিশোধ করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে আখের চাষ করেছেন তিনি। স্থানীয় শিবনগর গ্রামের শাকিল, বিষু ও বড় মনি নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি ছেড়ে দেয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বৈধভাবে লিজ নেয়া জমি ছাড়তে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে সঙ্ঘবদ্ধভাবে আমার জমিতে ট্রাক্টর দিয়ে প্রায় সাড়ে চার বিঘা জমির আখচাষ নষ্ট করে দেয়। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।
মধুপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে অপারেশনের সময় ডক্টরস মেডিক্যাল সেন্টার ও হাসপাতালে ভুল চিকিৎসায় মোসা: সালমা বেগম (৩২) নামের এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার পৌর শহরের টুনিয়াবাড়ী ডক্টরস মেডিক্যাল সেন্টার ও হাসপাতালে নিহত মোসা: সালমা বেগমকে গাইনি সার্জন ডাক্তার হামিদা আক্তার ও এনেস্থেসিয়ার ডাক্তার তারেকুল ইসলাম অপারেশন করালে সারা দিন তাকে পরিচর্যাকেন্দ্রে রেখে রক্ত দেয়া হলেও পরদিন শনিবার দুপুর ১২টার দিকে তার শারীরিক অবনতি ঘটলে ডক্টরস মেডিক্যাল সেন্টার ও হাসপাতালের মালিক ডা: হামিদা আক্তারের স্বামী ডাক্তার আনোয়ার হোসেনের ময়মনসিংহের পিপলস ডায়াগনস্টিক সেন্টারে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানেও তার আরো অবনতি হলে সায়েম ডায়াগনস্টিক সেন্টারে আইসিইউতে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্পডেস্ক
শেরপুরের শ্রীবরদীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র দিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করছে শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তার পাশে অডিটোরিয়াম চত্বরে (শ্রীবরদী এমএমপি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে) এ সহায়তা কেন্দ্র দেখা যায়। শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্যসচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির তত্ত্বাবধানে ছাত্রদলের নেতাকর্মীরা কলম, পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের। শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সদস্যসচিব জাকির, শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোয়াজ, সাধারণ সম্পাদক অনিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি, মাজেদ, আকতার, রাব্বি, জাহিদুলসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী। শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা।
রৌমারীতে মাদককারবারিদের তাণ্ডব
কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারীতে জুয়া ও মাদককারবারিদের বেপরোয়া তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদক ও জুয়ার ভয়াল ছোবলে এক সময়ের শান্ত জনপদ এখন অস্থির হয়ে উঠেছে। ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রির চর এলাকার ১০৪৯ নম্বর সীমান্ত পিলার থেকে লাঠিয়ালডাঙ্গা বালিয়ামারী ১০৭১ নম্বর সীমান্ত পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সীমান্ত পথে নিয়মিতভাবে অবৈধ মাদক পাচারের অভিযোগ রয়েছে। সীমান্তপথে ‘অফিসার চয়েস’, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রবেশ করছে বলে স্থানীয়রা জানান। এ অবস্থায় সচেতন মহল দ্রুত কঠোর অভিযান, সীমান্ত নজরদারি জোরদার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া রৌমারীকে মাদক ও জুয়ার করালগ্রাস থেকে রক্ষা করা সম্ভব নয়। রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।



