সাউথ চায়না মর্নিং পোস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ঝড়ো গতিতে বিশ্বজুড়ে যখন উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে, ঠিক তখনই নিজেদের শিক্ষাব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনেছে চীন। এআই প্রযুক্তিতে দক্ষ জনশক্তির চেয়ে পিছিয়ে পড়ার বৈশ্বিক আশঙ্কার মাঝেই দেশটির শিক্ষা মন্ত্রণালয় বড় ধরনের সংস্কারের পদক্ষেপ নিয়েছে। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো অপ্রচলিত ও অকার্যকর বিবেচনায় ১২ হাজার ২০০টি স্নাতক ডিগ্রি প্রোগ্রাম পুরোপুরি বাতিল করেছে। এর বিপরীতে শ্রমবাজারের বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে চালু করা হয়েছে ১০ হাজার ২০০টি নতুন কোর্স। এই ব্যাপক পরিবর্তনের ফলে চীনের সামগ্রিক ডিগ্রি প্রোগ্রামের ৩০ শতাংশেরও বেশি অংশ সরাসরি প্রভাবিত হয়েছে।


