চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে দুতাবাসের সহকারী নিরাপত্তা কর্মকর্তার (প্রটোকল) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় বাথরুম থেকে বের হওয়ার পর হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকে নরেন ধরের মৃত্যু হতে পারে। তবে সুরতহাল রিপোর্টে লাশের কি বর্ণনা দেয়া হয়েছে সে সম্পর্কে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে সূত্র। পুলিশের অপর একটি সূত্র বিষয়টি গোপন রাখতে হাইকমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে বলেও নয়া দিগন্তকে জানিয়েছে।
সিএমপির খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ বিষয়ে নয়া দিগন্তকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, এটি একটি বিদেশী মিশনের ভেতরের ঘটনা। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি। মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আমাদের ধারণা তিনি হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মৃত্যুবরণ করতে পারেন। লাশ যেখানে পড়ে ছিল সেখানে কিছু ওষুধও পাওয়া গেছে বলে তিনি জানান। এ বিষয়ে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাইকমিশনের আশপাশের একাধিক সূত্র জানিয়েছে, সকালে হঠাৎ কিছু পুলিশ সদস্যকে সেখানে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসুক্যের সৃষ্টি হয়। কিছু সময় পর একটি অ্যাম্বুলেন্স কার্যালয়ে প্রবেশ করে লাশ বের করে নিয়ে যেতে দেখা যায়।



