বিনোদন ডেস্ক
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় ‘হাবু ভাই’ খ্যাত তারকা চাষী আলম আবারো পুত্রসন্তানের বাবা হয়েছেন। চলতি বছরের ২০ মে তার ঘরে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ছেলে ও স্ত্রী তুলতুলের সাথে একটি মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন এই অভিনেতা। শেয়ার করা ছবিতে বেশ খোশমেজাজে ফ্রেমবন্দি হতে দেখা গেছে এই দম্পতিকে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত’। প্রিয় তারকার জীবনের এমন আনন্দের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছার ঢল নেমেছে। নেটিজেনরা তাদের শুভকামনা জানিয়ে নানামুখী ইতিবাচক মন্তব্য করছেন। ২০২৩ সালের ২৫ আগস্ট বেশ জাঁকজমকপূর্ণ পারিবারিক আয়োজনে তুলতুলের সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের পর ২০২৪ সালের ১০ জুলাই প্রথম পুত্রসন্তানের বাবা হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় সন্তানের আগমনে তাদের সংসার যেন আরো পূর্ণতা পেল। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন চাষী আলম। এই একটি চরিত্রই তাকে এনে দেয় আকাশচুম্বী তারকাখ্যাতি। এরপর থেকে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে দর্শকদের বিনোদিত করে যাচ্ছেন এই অভিনেতা।



