রূপগঞ্জে এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘নব জাগরণ শ্রমজীবী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি এনজিওর বিরুদ্ধে ঋণ প্রদানের নামে প্রতারণা ও গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। ঋণ পরিশোধের পরও জামানত হিসেবে নেয়া খালি চেক ফেরত না দিয়ে গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা চেক ডিজঅনার মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত রোববার আখতার হোসেন নামে এক গ্রাহক রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালে নারায়ণগঞ্জ জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে রূপগঞ্জের কয়েকজন যুবক এনজিওটি পরিচালনা শুরু করেন। ঋণ নেয়ার শর্ত হিসেবে গ্রাহকদের নিজ নামে স্বাক্ষরিত খালি চেক জামানত হিসেবে জমা রাখতে হতো। পরে ঋণের টাকা সুদসহ পরিশোধ করা হলেও অনেক গ্রাহকের চেক ফেরত দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আখতার হোসেন জানান, তিনি ২০১৭ সালে দুই লাখ টাকা ঋণ নিয়ে সুদসহ সব টাকা পরিশোধ করেন। এর পরও তার জমা রাখা চেক ফেরত না দিয়ে উল্টো তিন লাখ টাকা দাবি করে আদালতে মামলা করা হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন ফিরোজা বেগম ও মোতালিব মিয়াসহ আরও কয়েকজন গ্রাহক। তাদের দাবি, ঋণ পরিশোধের পরও চেক আটকে রেখে আদালতে মামলা করে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, এনজিওটির বিরুদ্ধে তারা বিভিন্ন সরকারি দফতরেও অভিযোগ করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘প্রতারক চক্র বিভিন্ন কৌশলে মানুষকে হয়রানি করছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।