আদালত প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানা ইসলাম ও তার স্বামী আখতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা খোরশেদ আলম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কেনার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গোপনের আশঙ্কার কথাও তুলে ধরা হয়।
আবেদনে আরো বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আখতার হোসেনের মূল আয়কর স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও তথ্যের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দের জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।



