ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অসম্মতি

Printed Edition

এএফপি

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তায় ইউক্রেনের অভ্যন্তরে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণের একটি প্রস্তাবে সায় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোপূর্বে তুরস্কে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে এ বিষয়ে সহযোগিতার ইঙ্গিত থাকলেও, সম্প্রতি হোয়াইট হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনায় সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।

মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে মার্কিন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, উদ্যোগটি অত্যন্ত স্পর্শকাতর ও সুদূরপ্রসারী, বিশেষ করে প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে আসা প্রস্তাবনার প্রেক্ষাপটে। তিনি একদিকে যেমন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্যাট্রিয়ট চান, তেমনি আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধির জন্য টমাহক ক্ষেপণাস্ত্রের প্রতিও আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, বৈশ্বিক পরিস্থিতিতে অনেক সময় সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা অবলম্বন করা জরুরি হয়ে পড়ে। ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাথে যোগাযোগ অব্যাহত থাকলেও এ ধরনের সংবেদনশীল ও উচ্চমানের সামরিক প্রযুক্তি রূপান্তর বা হস্তান্তর করা কৌশলগত দিক থেকে অত্যন্ত জটিল।

এই অবস্থানের নেপথ্যে আন্তর্জাতিক ভূরাজনৈতিক ঝুঁকির দিকটি ইঙ্গিত করে ট্রাম্প মন্তব্য করেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন বহু পক্ষ বা শক্তি রয়েছে, যাদের হাতে অত্যাধুনিক অস্ত্রপ্রযুক্তি পৌঁছালে পরবর্তীতে তা স্বীয় স্বার্থের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে। রাশিয়া থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেনীয় বাহিনী দীর্ঘদিন ধরে মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ব্যবস্থা ও পিএসি-৩ মিসাইলের ওপর নির্ভর করে আসছে। সম্প্রতি পিএসি-৩ এর তীব্র সঙ্কট দেখা দেয়ায় কিয়েভ মার্কিন অনুমোদনে নিজস্ব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল।