নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের করুণ মৃত্যু দেশের বিবেককে নাড়া দিয়েছে। এ ঘটনায় আইনে শাস্তির বিধান থাকায় সরকারি চাকরিতে কর্মরত তার ছেলেকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরিচ্যুত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো: বদরুদ্দোজা বাদল। তিনি বলেন, শিক্ষিত ও আর্থিকভাবে সচ্ছল পরিবারেও অর্থলোভ, আত্মকেন্দ্রিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেক সন্তান বৃদ্ধ বাবা-মাকে অবহেলা ও অযতেœর মধ্যে ফেলে রাখছে। বাবা-মা’র ভরণপোষণ আইন সংশোধন করে আরো সময়োপযোগী ও কার্যকর করতে হবে। পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত (স্পেশাল কোর্ট) গঠন করা প্রয়োজন। এতে সন্তানরা বাবা-মা’র প্রতি দায়িত্ব পালনে আরো সচেতন হবে।
তিনি আরো বলেন, শুধু বাবা-মা নয়, প্রয়োজনে প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতেও মামলা করার সুযোগ থাকা উচিত। ভরণপোষণ না দেয়া, অবহেলা, অযতœ বা নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সন্তানকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করার বিধানও বিবেচনা করা যেতে পারে। বিচারের দীর্ঘসূত্রতা, প্রশাসনিক উদাসীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইন প্রয়োগ বাধাগ্রস্ত হলে সমাজে অপরাধপ্রবণতা বাড়বে। তবে বাবা-মা’র অধিকার সুরক্ষায় আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
গতকাল শনিবার (১৩ জুন ২০২৬) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে “পিতা-মাতার অধিকার বাস্তবায়নে ভরণপোষণ আইন” শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বার্ধক্যে উপনীত মা-বাবার প্রতি যারা নির্যাতন ও অবহেলা করে, তারা সমাজের কলঙ্ক। বাবা-মায়েরা শুধু মানসিক অবহেলা বা আর্থিক প্রতারণারই শিকার হন না, অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতনেরও শিকার হন। এমনকি অনেক সন্তান পেনশনের অর্থ, জমি-জমা, বাড়িঘর ও অন্যান্য সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে ঘরছাড়া করে। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বাস্তবতা।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ট্রেনে ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা ইতিবাচক উদ্যোগ। তবে দেশে প্রবীণদের জন্য আধুনিক ও মানসম্পন্ন সেবার বড় ঘাটতি রয়েছে। বর্তমানে হাতেগোনা কয়েকটি বৃদ্ধ নিবাস থাকলেও সেগুলোর অবস্থা সন্তোষজনক নয়। তাই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি করে প্রতিটি জেলায় আধুনিক প্রবীণ নিবাস প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া উচিত।
তিনি আরো বলেন, সম্প্রতি মিরপুরে নূরজাহান বেগমের করুণ মৃত্যু আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা তুলে ধরেছে। উপযুক্ত চার সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনি থাকা সত্ত্বেও তিনি অযতœ, অবহেলা ও চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।
ছায়া সংসদের বিষয় ছিল- “ভরণপোষণ আইন দ্বারা সন্তানের ওপর পিতা-মাতার অধিকার আদায় করা সম্ভব।” প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিতার্কিকদের পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়।
প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক আহাম্মেদ সরোয়ার, সাংবাদিক মাকসুদ-উন-নবী এবং ব্যারিস্টার কাজী জাওয়াদ বদরুদ্দোজা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করা হয়।


