নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, সেটা সরেজমিনে তদারকির ঘোষণা দিয়েছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমরা কাজ করব। দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছে কি না, সেজন্য আমরা হাসপাতালগুলো তাৎক্ষণিকভাবে যাবো, নিজের চোখে দেখব। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে জবাবদিহি করতে হবে। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেবো না। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা, দলমত নির্বিশেষে সবাইকে সমানভাবে সেবা দেবো।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত।
তিনি বলেন, আমাদের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে প্রচুর শূন্যপদ আছে। প্রয়োজনীয় জনবল না থাকায় মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা শূণ্য পদ পূরণে ব্যবস্থা নেবো। এ ছাড়া মেডিক্যাল শিক্ষার মান উন্নয়নেও গুরুত্ব দেয়া হবে।



