নিজস্ব প্রতিবেদক
ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ইএমজিএস ‘স্টাডি ইন মালয়েশিয়া’ এডুকেশন এক্সপো। গতকাল শুক্রবার থেকে রাজধানীর বনানীর হোটেল সারিনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহা: সুহাদা ওসমান এক্সপোটির উদ্বোধন করেন। এ সময় মালয়েশীয় প্রতিনিধিদলের প্রধান এবং ইএমজিএস-এর দক্ষিণ এশিয়া প্রধান মঈন উদ্দিন আহমেদ খান উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস), বাংলাদেশের শিক্ষার্থীদের মালয়েশিয়ার ১২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরার লক্ষ্যে এই এক্সপোটির আয়োজন করে। আজ শনিবার শেষ হবে এই শিক্ষা মেলা।
‘স্টাডি ইন মালয়েশিয়া’ এডুকেশন এক্সপো বাংলাদেশ ২০২৬ হলো একটি উদ্যোগ, যা মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ে নির্ভরযোগ্য ও সরাসরি তথ্য শিক্ষার্থী, অভিভাবক এবং পেশাজীবীদের কাছে পৌঁছে দেবে।
এক্সপোটি আগামী ১৩ মে রাজশাহীর দ্য গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এবং ১৫ মে চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত হবে।
মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পড়াশোনার কথা ভাবছেন এমন বাংলাদেশী পেশাজীবীদের জন্য এই এক্সপো মালয়েশিয়ার দ্রুত বর্ধনশীল গবেষণা পরিমণ্ডল অন্বেষণের একটি অনন্য সুযোগ। সাশ্রয়ী জীবনযাত্রার খরচ, উচ্চমানের অধ্যয়ন পদ্ধতি এবং শিল্পখাতে কার্যকর সংযোগের সমন্বয়ে, পেশাগত উন্নতির জন্য মালয়েশিয়া একটি অত্যন্ত বাস্তবসম্মত ও কৌশলগত গন্তব্যস্থল হিসেবে বিবেচিত।
এই সফরের অংশ হিসেবে, মালয়েশীয় প্রতিনিধিদল ১১ মে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবে এবং ১৮ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চশিক্ষা নেটওয়ার্কিং অধিবেশনে অংশ নেবে। প্রতিনিধিদলটি মালয়েশিয়া সরকারের উদ্যোগে সিক্স সিজনস হোটেলে আয়োজিত একটি উচ্চ-পর্যায়ের নেটওয়ার্কিং অধিবেশনেও অংশ নেবে, যেখানে উভয় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ঊর্ধ্বতন নেতৃত্ব একত্রিত হবেন।
এই নেটওয়ার্কিং সেশনে ইএমজিএস-এর সিইও, মালয়েশিয়ার হাইকমিশনার, ইউজিসি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।



