কানাডায় লাখ লাখ ভোটারের তথ্য ফাঁস

Printed Edition

গ্লোবাল নিউজ

কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। একটি অনলাইন ডাটাবেজে লাখ লাখ আলবার্টাবাসীর নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সরকার এবং জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ।

সোমবার আইনসভার প্রশ্নোত্তর পর্বে স্মিথ বলেন, ‘তথ্য ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে দায়ীদের আইনের পূর্ণ মাত্রায় জবাবদিহি করতে হবে।’ বর্তমানে এডমন্টন পুলিশ সার্ভিস, রয়্যাল ক্যানেডিয়ান মাউন্টেড পুলিশ এবং ইলেকশন আলবার্টা যৌথভাবে এ ঘটনার তদন্ত চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘সেন্টুরিয়ান প্রজেক্ট’ এই বিশাল তথ্যভাণ্ডার অনলাইনে প্রকাশ করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, ভোটারদের এই তালিকাটি আইনগতভাবে সংগ্রহ করেছিল আলবার্টা রিপাবলিকান পার্টি। তবে নির্বাচনী আইন অনুযায়ী এসব তথ্য কোনো তৃতীয় পক্ষের সাথে বিনিময় করা নিষিদ্ধ। ঠিক কিভাবে এবং কার মাধ্যমে এই তথ্য সেন্টুরিয়ান প্রজেক্টের হাতে গেল, তা এখন তদন্তের মূল বিষয়।

এ দিকে বিচারমন্ত্রী মিকে এমেরি পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংবাদিকদের মাধ্যমে অভিযোগ পাওয়ার পরও কেন ‘ইলেকশন আলবার্টা’ দ্রুত পদক্ষেপ নেয়নি, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। এর জবাবে সংস্থাটি জানিয়েছে, নতুন আইনের অধীনে কোনো তদন্ত শুরু করতে এখন আগের তুলনায় অনেক বেশি তথ্য-প্রমাণের প্রয়োজন হয়, তাই প্রাথমিক অভিযোগে সাথে সাথে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।