সাকিবুল হাসান
এই প্রজন্মের দর্শকের প্রিয়মুখ নন্দিত অভিনেত্রী লামিমা লাম। আজ থেকে ঠিক ছয় বছর আগে কাজল আরেফীন অমির একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তার যাত্রা শুরু। এরপর মাঝে কেটে গেল প্রায় ছয়টি বছর। এরই মধ্যে তিনি দর্শককে উপহার দিয়েছেন বেশ কিছু ভালো গল্পের নাটক। এই সময়ে এসে অভিনয়ে নিজেকে বেশ ম্যাচিউরড করে তুলেছেন। সময়ের সাথে সাথে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে কাজের প্রতি তার আগ্রহ, দায়িত্ব যেমন বেড়েছে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজের সম্মানীও বাড়াতে পেরেছেন তিনি। এবারের ঈদে তাকে বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয়ে দেখা যাবে। এরই মধ্যে লামিমা লাম শেষ করেছেন আদিফ হাসান, রেজা মাহমুদ, নাজমুল রনি, আনিসুর রহমান রাজীবের নির্দেশনায় নির্মিত বেশ কয়েকটি নাটক। প্রতিটি নাটকেই তার চরিত্র আলাদা এবং দর্শকের ভালোলাগার মতো। এরই মধ্যে লামিমা লাম প্রাণের একটি পণ্যেরও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন মুন্নার নির্দেশনায়। কিছু দিন আগে তিনি আব্দুস সামাদ খোকনের একটি সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু সব মিলিয়ে ব্যাটে-বলে হয়নি বলে তিনি এই সিনেমাতে কাজ করার আগ্রহ দেখাননি। তবে লামিমা লামের এই সময়ের নির্মাতাদের ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রবল আগ্রহ রয়েছে। লামিমা লাম বলেন, ‘আমার বাবা-মা আর দুই ভাই, এক বোনকে নিয়ে সুখের জীবন। তাদের আরো সুখের জন্য আরো সুন্দর জীবনের জন্য কাজ করে যেতে চাই। তাদের সবসময় হাসিখুশি আর আনন্দে রাখতে চাই। একজন অভিনেত্রী হিসেবে আমি এখনো কিছুই না। নিজেকে অভিনয়ের চূড়ান্ত পর্যায়ে দেখতে চাই যেন অনেকের মতো আমিও দর্শকের খুব প্রিয় একজন অভিনেত্রী হতে পারি। আন্তরিক কৃতজ্ঞতা সকল নির্মাতা, নাট্যকার, প্রযোজক, সহশিল্পীদের প্রতি। এদিকে ২০২৪ সালে খান মোহাম্মদ আলীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আনন্দ মেলায় অংশগ্রহণ করেছিলেন লামিমা লাম। আগামী ২৫-২৬ জুলাই অনুষ্ঠিতব্য আনন্দ মেলার এবারের আয়োজনেও তার অংশগ্রহণের কথা রয়েছে। ২০২০ সালে অমির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’তে প্রথম অভিনয় করেন লামিমা লাম। পরবর্তীতে ‘অসময়’, ‘গুডবাজ’, ‘বিদেশ’, ‘হোটেল রিল্যাক্স’, ‘গফ’, ‘আমাদের ডিভোর্স’, ‘প্রেমের কোরবানি’, ‘লোভী সন্তান’, ‘অস্থির ব্যাচেলর’, ‘টিট ফর ট্যাট’সহ আরো বেশ কিছু জনপ্রিয় নাটকে-ওটিটি কনটেন্টে কাজ করে প্রশংসিত হন লামিমা লাম। তার প্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জন্মদিন ১১ ডিসেম্বর।
ছবি : আলিফ রিফাত



