সিলেট ব্যুরো
সিলেটে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হওয়া চার বছরের শিশু ফাহিমা আক্তারের লাশ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে বাড়ির পাশের একটি পুকুরসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি ডেকোরেশন দোকানে কাজ করেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
দুই দিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরের কাছে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসএমপির জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



