ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-২০ সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখন শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
আগের সূচি অনুযায়ী, ৯-২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। টি-২০ সিরিজ বাতিল হওয়ায় দুই দলের সিরিজ শেষ হবে ১৪ অক্টোবর। নতুন সূচিতে ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ওয়ানডে খেলবে দুই দল।
আগামী অক্টোবরে প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ নারী দল। এই সফরে ওয়ানডের পাশাপাশি টি-২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সূচি সমন্বয়ের কারণে সংক্ষিপ্ত ওভারের সিরিজটি আর থাকছে না। আসন্ন আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফির সূচি পুনর্বিন্যাসের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ বাদ দিয়েছে সিএ। টুর্নামেন্টটি আগে শ্রীলঙ্কায় জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও আইসিসির সবশেষ সিদ্ধান্তে সেটা এগিয়ে ফেব্রুয়ারিতে আনা হয়েছে। এই সময় পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সিরিজের সূচিতেও।


