চট্টগ্রাম ব্যুরো
আহলে বায়তে রাসূলের স্মরণে আজ থেকে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ৪১তম ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে প্রতিদিন বাদ আসর থেকে এই মাহফিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, পীর-মাশায়েখ ও চিন্তাবিদরা এ মাহফিলে অংশ নেবেন।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মকাণ্ড তুলে ধরা হয়। এ সময় বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, কাজী মাঈনুদ্দিন আশরাফিসহ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রফেসর ড. জাফর উল্লাহ জানান, ১৯৮৬ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এই মাহফিলটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে। এবারের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাগদাদ শরিফের বড়পীর হজরত আবদুল কাদের জিলানী (রা:)-এর ১৮তম বংশধর শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল-মনসুর আল-জিলানী।
মাহফিলের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।


