ভোটার হলেন যে ক্রিকেটাররা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। সেই তালিকায় আছেন বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবালসহ দেশের সাবেক ক্রিকেটাররা।

তামিম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে ভোটার হয়েছেন। সাবেক অধিনায়ক ক্যটাগরিতে ভোটার হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে ভোটার হয়েছেন নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন। যাদের মধ্যে বিসিবির বর্তমান নির্বাচক প্যানেলে আছেন সুমন, নাঈম ও নাদিফ। লিপুর মেয়াদ শেষ হওয়ার পর এ বছরের মার্চে বিসিবির প্রধান নির্বাচক হয়েছেন হাবিবুল বাশার।

আবাহনী লিমিটেড থেকে ভোটার হয়েছেন ফাহিম সিনহা। অ্যাডহক কমিটির গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধান তিনি। আজাদ স্পোর্টিং ক্লাব ও এক্সিউম ক্রিকেটার্স থেকে ভোটার হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস ও ইসরাফিল খসরু। বিসিবির অর্থ ও কল্যাণ বিভাগের প্রধান ইসরাফিল খসরু এবং ফিন্যান্স ও লজিস্টিকসে আছেন মির্জা ইয়াসির। টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ভোটার হয়েছেন।

যেসব জেলা ও সংস্থা থেকে কাউন্সিলরশিপের নাম জমা পড়েনি, তার মধ্যে রয়েছে- কুমিল্লা, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা। এ ছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকেও কোনো প্রতিনিধি বা কাউন্সিলরের নাম পাঠানো হয়নি।

কাউন্সিলর তালিকায় নেই হেভিওয়েটরা। তাদের মধ্যে অন্যতম বিগত বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইশতিয়াক সাদেক এবং লোকমান হোসেন। কাউন্সিলরশিপ না পাওয়ায় স্বাভাবিকভাবেই এবারের পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তারা।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় আছেন কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার এবং জাহিদ পারভেজ চৌধুরী।