বিবিসি
লেবার পার্টির নেতৃত্ব পাওয়ার পর নিজের বিজয়ী ভাষণ শেষ করার মুহূর্তে কিছুটা সময় থামলেন অ্যান্ডি বার্নহ্যাম। এরপর দৃঢ় কণ্ঠে বললেন, ‘আমি জানি কী করতে হবে। আমার একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ অ্যা প্ল্যান)।’ দলীয় প্রধান হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পর আগামীকাল সোমবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
ভাষণে বার্নহ্যাম বলেন, তিনি সবকিছু ঠিকঠাক করতে পারেননি এবং যেখানে তার ঘাটতি হয়েছে, তার জন্য ‘দুঃখিত’। তিনি বলেন, ‘কিন্তু আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি।’ বার্নহ্যাম বলেন, তিনি চলার পথে শুনেছেন এবং শিখেছেন এবং আশা করেন, এর ফলে তিনি আরো ভালো হয়েছেন।
ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী বলেন, আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই তা আমি জানি। আমার একটি পরিকল্পনা রয়েছে। লেবার পার্টির নতুন নেতা হিসেবে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করে বার্নহ্যাম তার বক্তৃতা শেষ করেন। তিনি আরো বলেন, ‘আমি আপনাদের সবার ওপর বিশ্বাস করি এবং আমি আত্মবিশ্বাসী যে, আমরা এটা করতে পারব।’ এ সময় বার্নহ্যাম জানান, তার মন্ত্রিসভায় কারা থাকবেন তা তিনি এখনো ঠিক করেননি।



