বিনোদন প্রতিবেদক
হৈমন্তী রক্ষিত বাংলাদেশের সঙ্গীতপ্রেমী শ্রোতাদর্শকের কাছে প্রিয় এক শিল্পী। তার মিষ্টি সুরেলা কণ্ঠ সবসময়ই শ্রোতাদের ভীষণ মুগ্ধ করে। বলা যায় বেশ কিছুটা বিরতির পর হৈমন্তী পরপর নতুন দুটি মৌলিক গান তার ভক্তশ্রোতাদের উপহার দিলেন। একটি আহমেদ রিজভীর কথায় ও ইমরান মাহমুদুলের কম্পোজিশন-মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ‘ওগো মোর প্রিয়া’ এবং অন্যটি ‘তুমি আমার মুখ দেখারই আয়না’। গানটি লিখেছেন ও কম্পোজিশন করেছেন রোহান রাজ। দুটি গানই এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুটি গানের জন্যই হৈমন্তী ভীষণ সাড়া পাচ্ছেন। কারণ দুটি গানই তিনি গেয়েছেন এই সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পীর সাথে। দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। তারা হলেন ইমরান মাহমুদুল ও বেলাল খান। প্রথম গানটিতে হৈমন্তীর সহশিল্পী ইমরান। দ্বিতীয় গানটিতে তার সহশিল্পী বেলাল। হৈমন্তী রক্ষিত বলেন, ‘চেষ্টা করি নিজের মৌলিক গান প্রকাশ করার। কিন্তু সবমিলিয়ে সবসময় মৌলিক গান প্রকাশ করা হয়ে ওঠে না। কারণ এই সময়ে মৌলিক গান প্রকাশ করা অনেকটাই চ্যালেঞ্জিং। আর ভালো মৌলিক গান প্রকাশ করাটা তো আরো কঠিন। তার পরও এই কঠিন সময়ে আমার পরপর দুটি মৌলিক গান প্রকাশ পেল, তাও আবার ইমরান ও বেলালের সাথে। এটা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। আমি কৃতজ্ঞ তাদের প্রতি। ইমরানের সাথে গানটি প্রকাশের পরই শ্রোতাদের মধ্যে ভীষণ সাড়া ফেলে। আর বেলালের সাথে মিষ্টি মধুর গান, একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরো কিছু মৌলিক গান প্রকাশের পরিকল্পনা চলছে।’ হৈমন্তীর সৌভাগ্য হয়েছিল রুনা লায়লার সুরে একটি মৌলিক গান গাওয়ার। এক জীবনে হৈমন্তীর এটাই অনেক বড় প্রাপ্তি। গানে হৈমন্তীর হাতেখড়ি বাণী কুমার চৌধুরীর কাছে। এরপর বাসুদেবসহ আরো অনেকের কাছে গানে তালিম নিয়েছেন তিনি। ১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হয়।



