ভোটারদের আশা আকাক্সক্ষা পূরণে ব্যত্যয় ঘটানো যাবে না : নজরুল ইসলাম খান

Printed Edition

জামালপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষিবিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ভোটাররা বড় আশা-আকাক্সক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। এখন তাদের আশা-আকাক্সক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।’

গতকাল শুক্রবার বিকেলে নিজ এলাকা জামালপুরের ইসলামপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান আরো বলেন, ‘উন্নয়ন করতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা পেলে উন্নয়ন করা সহজতর হবে। আর অবকাঠামো উন্নয়ন হলে, মানুষের জীবনমান উন্নত হবে।’

উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দেশ ও জনগণের জীবনমানের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। সর্বশক্তি দিয়ে হলেও আমরা উন্নয়নের চেষ্টা করে যাব।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের এমপি শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক জিএস ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ।