দক্ষিণ চীন সাগরে জাপান ও মিত্র দেশগুলোর যৌথ সামরিক মহড়া

Printed Edition
ফিলিপাইনের পাওয়ে এলাকার কুলিলি পয়েন্ট যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘বালিকাতান’-এর অংশ হিসেবে একটি জাহাজ-বিধ্বংসী টাইপ ৮৮ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে জাপানিজ গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জেজিএসডিএফ)  : ইন্টারনেট
ফিলিপাইনের পাওয়ে এলাকার কুলিলি পয়েন্ট যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘বালিকাতান’-এর অংশ হিসেবে একটি জাহাজ-বিধ্বংসী টাইপ ৮৮ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে জাপানিজ গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জেজিএসডিএফ) : ইন্টারনেট

রয়টার্স

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের সাথে বুধবার যৌথ নৌ-মহড়ায় জাপানের আত্মরক্ষা বাহিনী একটি টাইপ ৮৮ জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি দক্ষিণ চীন সাগরের মুখোমুখি নৌসীমায় ফিলিপাইন নৌবাহিনীর একটি অবসরপ্রাপ্ত জাহাজে আঘাত হানে।

এই মহড়া এমন সময় হয়েছে যখন ফিলিপাইন ও জাপান প্রতিরক্ষা সরঞ্জাম আদান-প্রদান নিয়ে আলোচনা শুরু করেছে। জাপান সামরিক রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করায় এই আলোচনা সম্ভব হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি জানান ফিলিপাইনের কাছে দ্রুত আবুকুমা শ্রেণির ডেস্ট্রয়ার ও টিসি-৯০ বিমান দেয়ার সম্ভাবনাও রয়েছে। ফিলিপাইনের প্রতিরক্ষাসচিব গিলবার্তো তেওদোরো ও কোইজুমি সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেখেন। আর ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ম্যানিলা থেকে লাইভ ভিডিওতে মহড়াটি পর্যবেক্ষণ করেন। বিবৃতিতে বলা হয়েছে এই মহড়া যৌথভাবে সমুদ্রপথে হামলার সক্ষমতা দেখিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় অংশীদারদের সাথে কাজ করার ক্ষেত্রে ফিলিপাইনের সক্ষমতা বাড়ছে।

ফিলিপাইনের সামরিক বাহিনী জানায় টাইপ ৮৮ ক্ষেপণাস্ত্র দু’টি একসাথে ছোড়া হয় এবং উৎক্ষেপণের ৬ মিনিটের মধ্যেই তা বিআরপি কুইজোন জাহাজে আঘাত করে। এই হামলা উত্তর ফিলিপাইনের পাওয়ে উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে দক্ষিণ চীন সাগরের মুখোমুখি এলাকায় ঘটে। ফিলিপাইনের প্রতিরক্ষা বিভাগ জানায় জাপানের এই টাইপ ৮৮ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত উপকূল রক্ষা এবং সমুদ্রপথের হুমকি ঠেকানোর জন্য তৈরি। প্রতিরক্ষা সচিব তেওদোরো বলেন প্রথমবারের মতো এভাবে সফলভাবে মহড়া করতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতে আরো দেশ এতে যুক্ত হবে। এই সরাসরি গোলাবর্ষণের মহড়া ‘বালিকাতান’ নামে পরিচিত বার্ষিক যুদ্ধ মহড়ার অংশ যা ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করে। ‘বালিকাতান’ শব্দের অর্থ ‘কাঁধে কাঁধ মিলিয়ে’।