কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ বলেছেন, সরকারি স্থাপনা নির্মাণে ইটের ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসতে হবে। ইটভাটা পরিবেশের ব্যাপক ক্ষতি করছে; তাই বিকল্প নির্মাণসামগ্রী ব্যবহারে গুরুত্ব দেয়া প্রয়োজন।
গত শুক্রবার রাতে কুমিল্লা নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে উদ্দেশ করে মারদিয়া মমতাজ বলেন, বর্তমানে ইটের বিকল্প উপকরণ ব্যবহার করেও টেকসই স্থাপনা নির্মাণ সম্ভব। এ বিষয়ে প্রয়োজন হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দিতে পারে।
তিনি বলেন, ভবন নির্মাণের অনুমোদনের সময় নিরাপত্তা ও ব্যবহারগত বিষয়গুলো আরো গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। বিশেষ করে আবাসিক ভবনের নিচতলায় বাজার বা হাসপাতাল স্থাপনের মতো সিদ্ধান্ত ঝুঁকি তৈরি করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মারদিয়া মমতাজকে সংবর্ধনা দেয়া হয়। পরে ‘নগর উন্নয়নে প্রতিবন্ধকতা ও প্রতিকারের উপায়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।



